সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বৈদ্যুতিক শকে মাওঃ রহমতুল্লাহ (৩৩) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবার) বেলা আনুমানিক ৩:৩০ টায় ধানক্ষেতে সেচপাম্মের সংযোগ লাইন থেকে এ দূর্ঘটনা ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
নিহত মাওঃ রহমতুল্লাহ ইউনিয়নের প্রতাপনগর গ্রামের সুলতান ময়রার পুত্র। তিনি পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী পদে কর্মরত ছিলেন। তিন বোনের একমাত্র ভাই মাওঃ রহমতুল্লাহ ২ পুত্র সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাওঃ রহমতুল্লাহ বাড়ির পাশের ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য পাম্পের বৈদ্যুতিক সংযোগ দিতে যান। এ সময় ত্রুটিপূর্ণ সংযোগের কারণে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একজন উদীয়মান ও মেধাবী শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।