শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মশাল মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার ভুরুলিয়া এলাকার রাহাতুল্লার মোড় থেকে মিছিলটি শুরু হয়। মুখে মাস্ক ও হাতে মশাল নিয়ে কয়েক মিনিট ধরে স্থানীয় বিভিন্ন সড়কে ঘোরেন তাঁরা। পরে মিছিলটি শেষ হয়।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির বলেন, মিছিলের বিষয়টি তিনি জানতে পেরেছেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপনে এ কর্মসূচি পালন করেছেন। এ ধরনের তৎপরতার আশঙ্কায় আগেই প্রশাসনকে সতর্ক করা হয়েছিল। এরপরও মিছিল বের হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় পুরোনো ভিডিও নতুন ঘটনা হিসেবে প্রকাশ করা হয়। ভিডিওটি সাম্প্রতিক সময়ের হলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।