শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তাঁর সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনে (ইসি) লিখিত পত্র পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।
এর আগে বুধবার (১১ নভেম্বর) ‘সচেতন নাগরিক সমাজ, শ্যামনগর’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে দেওয়া বিভিন্ন বক্তব্য ও অভিযোগের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মাওলানা আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমানে দলের কেউ নন। কোনো ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কিংবা তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সংগঠনের ওপর চাপানো যুক্তিসংগত নয়।
গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত পত্র পাঠানো হয়েছে। সংসদ সদস্য পদ বহাল রাখা বা শূন্য ঘোষণার সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।
তাঁকে ঘিরে চলমান মামলা প্রসঙ্গে জামায়াতের উপজেলা আমীর বলেন, দল আইনের শাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। বিচারাধীন বিষয়ে আদালতের ওপর প্রভাব বিস্তার কিংবা বিচারিক এখতিয়ার খর্ব করার পক্ষে নয় জামায়াত। আইন নিজস্ব গতিতে চলবে এবং আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।
আগের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী রাজনৈতিক স্বার্থে শ্যামনগরের মানুষের স্বার্থ উপেক্ষা করছে—এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শ্যামনগর কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এ অঞ্চলের মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করা সব রাজনৈতিক সংগঠনের দায়িত্ব। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, নদীভাঙন, বেড়িবাঁধ, সুপেয় পানি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়গুলো জামায়াতের কাছেও গুরুত্বপূর্ণ।
সচেতন নাগরিক সমাজের ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে নাগরিকদের মতপ্রকাশ ও দাবি জানানোর অধিকার রয়েছে। জামায়াত এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোনো সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার প্রবণতা থাকা উচিত নয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আগের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে দলটি কোনো উদ্যোগ নেয়নি এবং রাজনৈতিক স্বার্থে শ্যামনগরবাসীর অধিকার উপেক্ষা করছে। সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, স্পিকার ও নির্বাচন কমিশনে পত্র পাঠানো এবং বিচারাধীন বিষয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়গুলো বিবেচনায় না নিয়ে এ ধরনের একতরফা অভিযোগ তোলা বস্তুনিষ্ঠ নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ ও এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মহসিন আলম, মাওলানা আমিনুর, সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, ইমাম হাসানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের দলীয় অবস্থান ও সংশ্লিষ্ট তথ্য বস্তুনিষ্ঠভাবে প্রকাশের আহ্বান জানানো হয়।