নূরনগর,প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিঞ্চী গ্রাম থেকে ভেটখালী বাজারে যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামবাসী।
সরেজমিনে দেখা যায়, সড়কের যেটুকু অংশে ইটের সোলিং রয়েছে, তা ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাকি অংশ বৃষ্টির পানিতে কাদায় পরিণত হয়। সামান্য বৃষ্টিতেই সড়কটি পিচ্ছিল হয়ে যাওয়ায় হাঁটাচলাও কষ্টসাধ্য হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী, শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ রোগীরা। ঘটছে দুর্ঘটনার শঙ্কাও।
দৈনন্দিন কেনাকাটা, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ও চিকিৎসাসেবার জন্য কালিঞ্চীবাসীকে ভেটখালী বাজারে যেতে হয়। কিন্তু যোগাযোগের প্রধান মাধ্যম এই সড়কটির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয়রা।
দীর্ঘদিনেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।