নূরনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের বাসিন্দা, মৃত আবু হাসান গাজীর মেজো পুত্র শাকির আহমেদ (৫৭) আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে নূরনগরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শাকির আহমেদ নূরনগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদের চাচাতো ভাই। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় সাবেক ইউনাইটেড, বর্তমান কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হৃদপিণ্ডের রক্তনালিতে ব্লক ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাঁর হার্টে বাইপাস সার্জারি করা হয়।
অস্ত্রোপচারের পর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
শাকির আহমেদ নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন। তিনি বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা এলাকায় তাঁকে পরিচিত করে তুলেছিল।
বুধবার পরিবারের সদস্যরা তাঁর মরদেহ নিজ গ্রাম দক্ষিণ হাজীপুরের বাসভবনে নিয়ে আসেন। পরে দক্ষিণ হাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর জানাজায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শাকির আহমেদের মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রার্থনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।