
কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে সরকারের বৃক্ষরোপণ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নারকেল গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানব বিকাশ শীল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল্লাহ ও শিক্ষিকা কণিকা সরকার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার ৭০০ জন উপকারভোগীর মধ্যে মোট ৮ হাজার ৫০০টি নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রত্যেক উপকারভোগীকে পাঁচটি করে চারা দেওয়া হয়।