বাঁশদহা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামার বায়সা এলাকায় সংসদ সদস্যের টিআর (TR) বরাদ্দের অর্থায়নে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত থেকে মন্দিরের ছাদ ঢালাই কাজের সূচনা করেন ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলী। অনুষ্ঠানে মন্দিরের সভাপতি শুকমার মন্ডল, সাধারণ সম্পাদকসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় মাওলানা রমযান আলী বলেন, “আপনাদের হক আপনাদের কাছে পৌঁছে দেব। জনগণের অধিকার আদায়ে আমরা কাজ করব। একটি পয়সাও দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না।”
মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এ উন্নয়ন উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।