শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
সাতক্ষীরার শ্যামনগরে নদী ভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ সংস্কার বিষয়ক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে শ্যামনগর পৌরসদরের নকিপুর বাজার সংলগ্ন প্রগতি সেন্টারে বারসিকের বাস্তবায়নাধীন এনগেজ প্রকল্পের উদ্যোগে উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর উদ্যোগে আয়োজিত সংলাপে সিভিল সোসাইটি অর্গানাইজেশন(সিএসও) এর বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নসহ উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংলাপে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সংলাপে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সামিউল মনির সভাপতিত্ব করেন। বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রকল্পের বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এরিয়া অফিসার রোকসানা পারভীন।
সংলাপে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন। এতে পানি উন্নয়ন বোর্ডের শিল্পী বালা গায়েন ও সঞ্জয় কুমার এবং উপজেলা ভূমি অফিসের মোঃ হাসান আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংলাপে উপকূলীয় অঞ্চলে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি, ভাঙনপ্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ, বেড়িবাঁধের দুর্বল ও ক্ষতিগ্রস্ত অংশের অবস্থা এবং তার ফলে স্থানীয় মানুষের জীবন-জীবিকা, বসতভিটা, কৃষি, প্রাকৃতিক পরিবেশ ও মানবাধিকারের ওপর সৃষ্ট প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা নদীভাঙন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার, দীর্ঘমেয়াদি ও টেকসই বাঁধ নির্মাণ, নিয়মিত তদারকি, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নদীভাঙন মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সংলাপে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করা হয় এবং নদীভাঙন প্রতিরোধ ও টেকসই বেড়িবাঁধ সংস্কারে বিভিন্ন সুপারিশ উঠে আসে। আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় শেষে অংশগ্রহণকারীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং পরবর্তী করণীয় নির্ধারণে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। অনুষ্ঠানে বারসিকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর মাহুয়া পারভীন, প্রদীপ কুমার মন্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সংলাপে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপদ জীবন, জীবিকা, বসতভিটা ও পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় নদীভাঙন প্রতিরোধ এবং টেকসই বেড়িবাঁধ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।#
ছবি ঃ @ গনতান্ত্রিক সংলাপের একাংশ্
@ গনতান্ত্রিক সংলাপে অংশগ্রহনকারীলা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেন।