তালা( সাতক্ষীরা) সংবাদদাতা
“মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় ৫ লাখ টাকা পুরস্কারের ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার মাগুরা ইউনিয়নের চরগ্রাম কপোতাক্ষ ফুটবল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টু। সহকারী শিক্ষক ও সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার কমিটির সভাপতি অলিউর রহমানের প্রাণবন্ত ধারাভাষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাজন্দি ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাজ, পরিচালক সিকদার রাসেল, প্রভাষক হাফেজ আজিজুর রহমান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান নিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ডাক্তার আব্দুল হামিদ, মাগুরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ কামাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সাকিব, সাংবাদিক আসাদুজ্জামান রাজু, জামায়াত নেতা মিলন গোলদারসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কেশবপুর জাগ্রত যুগসংঘ ফুটবল একাডেমি এবং ইলেভেন স্টার ঢাকা ফুটবল একাডেমি। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে ১-০ গোলে কেশবপুর ফুটবল একাডেমিকে হারিয়ে জয়লাভ করে ইলেভেন স্টার ঢাকা ফুটবল একাডেমি।
খেলাটি উপভোগ করতে মাঠে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।