শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেজবাউল আলম মেজবার বিরুদ্ধে স্থানীয় দুই ব্যক্তিকে হুমকি ও স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার মাগরিবের আজানের পর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের সময় আটুলিয়ার ৪ নম্বর ওয়ার্ডের জামায়াত রূকন প্রার্থী ও রাবেয়া খাতুন মহিলা মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ইয়াছিন নুরী এবং আল মানার হেফজখানার পরিচালক ও জামায়াত নেতা হাফেজ নুরুল আজমকে হুমকি দেন মেজবাউল আলম মেজবা। অভিযোগ অনুযায়ী, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং ফিরলে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এ সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে রাবেয়া খাতুন মহিলা মাদ্রাসা ও আল মানার হেফজখানার সামনে স্লোগান দেন মেজবা।
পাশের মসজিদে থাকা মুসল্লি ও পথচারীরা ওই স্লোগান শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতীতেও নানাভাবে হুমকি-ধমকির ঘটনা ঘটেছে; এমন পরিস্থিতিতে দ্রুত মেজবাউল আলম মেজবাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।