1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

তোর মিটার নিয়ে যা, মোর মিটার দিয়ে যা, দাবিতে সমাবেশ গণমিছিল স্মারকলিপি পেশ

  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

পার্বতীপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও ইতোমধ্যে স্থাপিত মিটার অপসারণের দাবিতে বিক্ষোভ, গণমিছিল ও স্মারকলিপি পেশ করেছে পার্বতীপুর নাগরিক কমিটি।

রোববার (২৩ আগস্ট) সকালে পার্বতীপুর নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ বিদ্যুৎ গ্রাহক খণ্ড খণ্ড মিছিল নিয়ে পার্বতীপুরের ঢাকা মোড়ে জড়ো হন। মিছিলে স্লোগান দেন ( তোর মিটার নিয়ে যা, মোর মিটার দিয়ে যা ) সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি দেন।

সমাবেশে পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং সদস্যসচিব অলিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন, পার্বতীপুর নাগরিক কমিটির সদস্য আমান উল্লা আমান। এছাড়া বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন মমতাজ আলী মন্ডল, আব্দুর রহমান, শফিউল ইসলাম, নিলুফা ইয়াসমিন ও তোফিলা বেগম।

বক্তারা অভিযোগ করেন, পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গ্রাহকদের মতামত না নিয়ে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। নতুন এই মিটার ব্যবস্থায় রিচার্জ, ব্যালেন্স, জরুরি ব্যালেন্স, মিটার ত্রুটি ও কারিগরি সমস্যাসহ নানা কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকদের অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন, “দ্রুত আগের মিটার ব্যবস্থা ফিরিয়ে না দিলে প্রিপেইড মিটার অপসারণের জন্য কঠোর কর্মসূচি দেওয়া হবে।” এ সময় তারা দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেন।

স্মারকলিপিতে পার্বতীপুর উপজেলায় নতুন করে প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ, ইতোমধ্যে স্থাপিত মিটার অপসারণ করে পূর্বের মিটার ব্যবস্থা চালু এবং গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত আর্থিক চাপ বন্ধের দাবি জানানো হয়। ##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।