1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

বুড়িগোয়ালিনীতে কাঁকড়া চাষীদের পুষ্টি খামার প্রস্তুতি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

(শ্যামনগর), ২৮ সেপ্টেম্বর ২০২৬:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে কাঁকড়া চাষীদের মাঝে পারিবারিক পুষ্টি খামার প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপকূলীয় এলাকার কাঁকড়া চাষিদের পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বাড়ির আঙিনায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাসদুমোড় সংলগ্ন সাইম মার্কেটে এ প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থায়নে এবং সারাবাংলা কৃষক সোসাইটির বাস্তবায়নে বুড়িগোয়ালিনী কাঁকড়া উৎপাদনকারী সমবায় সমিতির ৫০ জন সদস্যদের মাঝে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে পারিবারিক পুষ্টি খামার তৈরির পদ্ধতি, বাড়ির আঙিনায় শাকসবজি ও অন্যান্য পুষ্টিকর ফসল উৎপাদন, জৈব সার ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণে ক্ষুদ্র পরিসরের কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের কৃষি উপসহকারী কর্মকর্তা মো. জামালউদ্দীন। তিনি প্রশিক্ষণার্থীদের পুষ্টি খামার তৈরির বিভিন্ন কৌশল, বীজ সংরক্ষণ, পরিচর্যা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেন।
এ সময় বুড়িগোয়ালিনী কাঁকড়া উৎপাদনকারী সমবায় সমিতির সভানেত্রী স্বপ্না, সম্পাদক নীলুফা বেগমসহ সমিতির অন্যান্য সদস্য ও কাঁকড়া চাষিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কাঁকড়া চাষিদের মাঝে কৃষি বীজ, নেট জাল, ভার্মি কম্পোস্ট সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কাঁকড়া চাষের পাশাপাশি পরিবারের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পুষ্টি খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ উপকূলীয় এলাকার কৃষক পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।