বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে দেড় কিলোমিটার সড়কের পাশে ১ হাজার ৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। পাশাপাশি নিম, বাবলা, খেজুর, আশফল, তেঁতুল ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৩ হাজার বীজ বপন করা হয়।
১৪ ও ১৫ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নে পূর্ব কালিনগর কৃষি নারী সংগঠন, বাঘপাড়া কৃষি নারী সংগঠন, কুলতলী কৃষক সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে নারী-পুরুষসহ প্রায় ৬০ জন অংশ নেন।
স্থানীয়রা জানান, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এলাকায় গাছপালা কমে যাচ্ছে। বজ্রপাতের ঝুঁকি বিবেচনায় তালগাছসহ পরিবেশের উপযোগী দেশীয় গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, এ উদ্যোগের মাধ্যমে সড়কের পাশে ভবিষ্যতে সবুজ বেষ্টনী গড়ে উঠবে এবং পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।