সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একে মোহাম্মদ আলী।
বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের প্রক্রিয়ায় তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি হিসেবে তিনি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম তদারকি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
একে মোহাম্মদ আলী সভাপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা যায়। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা।
একে মোহাম্মদ আলী বাগআচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক। দীর্ঘদিন শিক্ষা পেশার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাঁর রয়েছে।
স্থানীয়রা জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাদের।
নবনির্বাচিত সভাপতি একে মোহাম্মদ আলী বিদ্যালয়ের স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানা গেছে।