সাতক্ষীরা প্রতিনিধি:
আপনারা আপনাদের অল্পবয়সী মেয়েদের হাতে স্মার্টফোন কিনে দিয়ে তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন”—অভিভাবকদের উদ্দেশে এমনই হুঁশিয়ারি ব্যক্ত করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। কলারোয়ায় কৈশোরীদের সুরক্ষা ও সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলারোয়ার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে পরিচালিত ‘পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’ (ইরেসপো)-এর আওতায় কৈশোরী ও অভিভাবকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কৈশোরী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করাসহ বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, প্রান্তিক ও পিছিয়ে পড়া নারীদের সামাজিক সচেতনতা ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।